• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি আটক পেকুয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১, আহত ১ পেকুয়ার নোয়াখালীপাড়ায় বসতঘর ভস্মীভূত পেকুয়ায় ভোররাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক, রক্ষা পেলেন চালক-হেলপার মাতামুহুরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আসবাবপত্র আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ মগনামায় বিএনপির দুই প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক থেকে ৯ জন গ্রেপ্তার চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড

চকরিয়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বনাঞ্চল সুরক্ষায় সনাক-টিআইবির অধিঃপরামর্শ সভা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

দালালের দৌরাত্ম্য রোধ, ওষুধ সরবরাহ বৃদ্ধি ও বন উজাড় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি বন্ধ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বনাঞ্চল ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দুটি অধিঃপরামর্শ সভা করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়ার অনুপ্রেরণায় গঠিত স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)।
বুধবার (২৮ অক্টোবর) সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ে পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা, বন উজাড়, অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা এবং পরিবেশ সুরক্ষায় করণীয় নিয়ে আলোচনা করা হয়।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নানা পদক্ষেপের কথা জানালেন ইউএইচএফপিও
সকাল সাড়ে ১১টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সনাকের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান।
সভায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জয়নাল আবেদিন বলেন, হাসপাতালে রোগীদের হয়রানি বন্ধে দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, চিকিৎসাসেবার পরিবেশ উন্নয়ন এবং সরকারি অ্যাম্বুলেন্স নির্ধারিত ভাড়ায় ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। রোগীদের সঙ্গে খারাপ আচরণ না করার জন্য নার্সদের সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে প্রতিদিন অনেক রোগী প্রসবসেবাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা নিতে হাসপাতালে আসছেন। জরুরি বিভাগেও বিকেলে নিয়মিত দুজন চিকিৎসক সেবা দিচ্ছেন।
সভায় টিআইবির চট্টগ্রাম বিভাগের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন জরুরি বিভাগে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি, দালালের দৌরাত্ম্য রোধ, ডায়াবেটিসের ওষুধসহ প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, জলাতঙ্কের টিকাদান কার্যক্রম গতিশীল করা এবং রোগীদের সুপেয় পানি সরবরাহ ও হাসপাতালের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
জবাবে ডা. জয়নাল আবেদিন বলেন, হাসপাতালে রোগীদের সুচিকিৎসা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে একাধিক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযান পরিচালনার মাধ্যমে দালালদের দৌরাত্ম্য অনেকাংশে কমানো হয়েছে। রোগীদের নিরাপত্তা জোরদার ও দালালদের নিয়ন্ত্রণে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে হাসপাতালের ভেতরে দালালদের প্রবেশ নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, দালালদের নাম ও পরিচয় শনাক্ত করে তালিকা তৈরি এবং সতর্ক করা হয়েছে। এ ঘটনায় একজনকে কারাগারেও পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে জলাতঙ্কের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নির্ধারিত এলাকার মধ্যে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সনাক-টিআইবি, চকরিয়ার সাবেক সভাপতি বুলবুল জান্নাত শাহিন, সনাক সদস্য নন্দিতা মুৎসুদ্দি, মো. ফয়সাল উদ্দিন এবং স্বাস্থ্যবিষয়ক এসিজির সমন্বয়ক রবিউল হাসান।
বন উজাড়, অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধের আহ্বান
এর আগে সকাল সাড়ে ৯টায় ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ে বনাঞ্চল ও জীববৈচিত্র্য সুরক্ষায় বন বিভাগের সঙ্গে আরেকটি অধিঃপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সহকারী বন সংরক্ষক মো. কামরুল হাসানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সনাকের পরিবেশবিষয়ক উপকমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী।
সভায় টিআইবির চট্টগ্রাম বিভাগের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন বন উজাড়, বনভূমি থেকে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন, অবৈধ পাহাড় কাটা এবং বননির্ভর জনগোষ্ঠীর বিভিন্ন সামাজিক ও পরিবেশগত সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উত্থাপিত বিষয়গুলোর জবাবে সহকারী বন সংরক্ষক মো. কামরুল হাসান বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে বালু উত্তোলন ও পাহাড় কাটা সম্পূর্ণ বেআইনি। অনুমতি ছাড়া বনভূমিতে গাছ কাটা কিংবা অবৈধ বসতি স্থাপনও আইনবিরোধী কাজ।
তিনি বলেন, সরকার নির্ধারিত স্থানে বননির্ভর জনগোষ্ঠীর কৃষিকাজের সুযোগ বজায় রাখার পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বন উজাড় রোধে শুধু আইনি পদক্ষেপ যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষকে সচেতন করাও জরুরি।
সীমিত বাজেটের মধ্যেও স্থানীয় জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। সভায় এসিজির প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা স্থানীয় বন ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত তদারকি জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি রেঞ্জার মুহাম্মদ খায়রুল আমিন, সনাক সভাপতি সন্তোষ কুমার সুশীল, পরিবেশবিষয়ক এসিজির সমন্বয়ক নুরুল হুদা মানিক, এসিজি সদস্য এলমুন্নাহার মুন্নি ও আবদুল্লাহ মো. রায়হানসহ রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সংলাপ, নাগরিক অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলোর কার্যকর সমাধান এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা