ফরিদপুরে মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে উপাসনা ঘোষ (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হন।

রবিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের আদমপুর এলাকায় ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সামনে বেরিবাঁধ রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপাসনা ঘোষ ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার উত্তম ঘোষের মেয়ে। আহত আকাশ বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের ছেলে।

পুলিশ জানায়, টেপাখোলায় পেট্রলপাম্প থেকে তেল নিয়ে একটি ডিসকভার (১০০ সিসি, রেজি: রাজবাড়ি-হ-১১-৩৫৩০) মোটরসাইকেলে উপাসনাকে সাথে নিয়ে আকাশ বেরিবাঁধ সড়ক হয়ে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে মেরিন ইন্সটিটিউটের সামনে ইটভাটার মাটি বহনকারী একটি লরি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৭-০৫৬০) ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে দুজনেই গুরুতর আহত হন।