• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

হাসান নাসিমের মুক্তির দাবি

ঢাবি প্রতিনিধি / ২০ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

অ্যাক্টিভিস্ট হাসান নাসিমকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সেই সঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সই করা এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার বা আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনা গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৭ এপ্রিল হাসান নাসিমকে তার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

তার ভাই হাসান নোমান ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, নাসিমের বিরুদ্ধে ডিবির কর্মকর্তারা সরকারের অসংগতির বিরুদ্ধে লেখালেখির অভিযোগ তুললেও কোনো মামলার তথ্য জানাননি।
ডাকসু নেতারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত অধিকার। এই অধিকার খর্ব করে কাউকে গুম বা আটক করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে হাসান নাসিমকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান।

বিবৃতিতে আরো বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর এমন কর্মকাণ্ড অতীতের স্বৈরাচারী শাসনামলের কথা মনে করিয়ে দেয়, যখন অসংখ্য মানুষকে একইভাবে তুলে নেওয়া হয়েছিল এবং অনেকের আর খোঁজ মেলেনি। গুম, নিখোঁজ ও বিচারবহির্ভূত কর্মকাণ্ড একটি রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলেও উল্লেখ করা হয়।

ডাকসু নেতারা সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী মত দমনের চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সমালোচনা বন্ধ করা যাবে না। ২০২৪ সালের প্রজন্ম অন্যায়, দমন-পীড়ন ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা