সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিরসনে বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই।
শুক্রবার (২৭ নভেম্বর) দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে সংগঠনটির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ আগ্রহের কথা জানান। এ সময় প্রবাসীদের মধ্যে দেশের আইন-কানুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধ এবং কমিউনিটিতে শৃঙ্খলা ও সৃজনশীল পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ বলেন, ভিসা সংকটসহ প্রবাসীদের চলমান নানা সমস্যার পেছনে মুষ্টিমেয় কিছু ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডও দায়ী। সংযুক্ত আরব আমিরাত একটি সুশৃঙ্খল দেশ হওয়ায় এখানকার আইন মেনে চলা এবং দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক প্রবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামান বলেন, “ব্যক্তি স্বার্থে প্রবাসে অনেকে নেতিবাচক ও হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মানহানি ঘটাচ্ছে। প্রবাসে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।” প্রবাসীদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ তৈরিতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস উইং) জিয়াউল হক মীর ও দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহির উপস্থিত ছিলেন। জার্নালিস্ট ফোরাম ইউএইর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহসভাপতি এনাম হোসেন, সহসভাপতি নওশের আলম, সাধারণ সম্পাদক আবু ছালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাসেদুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন সিকদার, প্রচার সম্পাদক এস এম গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য মনির হোসেন।
সভার শেষে সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাদারিত্ব বজায় রাখা এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ মিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।