• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

বালুখেকোদের থাবায় মাতামুহুরী: আগে বেড়িবাঁধ, পরে উন্নয়ন

নিজস্ব প্রতিনিধি / ১৬ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বদরুল ইসলাম বাদল
বালু উত্তোলন থামানোই যাচ্ছে না। মাতামুহুরী নদীতে চলছে বালুখেকো এবং প্রশাসনের ইঁদুর-বিড়াল খেলা। রাত নামলেই অভুক্ত হায়েনার মতো বালু লুটেরা ঝাঁপিয়ে পড়ে মাতামুহুরী নদীর বাঁকে বাঁকে। ভুক্তভোগীদের একজন আক্ষেপ করে বলেন, “শ্যালো মেশিন চলে নাব্যতা হারানো নদীতে, আর তার ভাইব্রেশন হয় মাতামুহুরী নদীবেষ্টিত উপকূলীয় মানুষের কলিজায়”।নবগঠিত মাতামুহুরী উপজেলা ভূতপূর্ব চকরিয়ার অবহেলিত নিম্নাঞ্চল হিসেবেই পরিচিত ছিল। চারিদিকে প্রমত্তা মাতামুহুরী নদীবেষ্টিত এই জনপদের মানুষ যুগের পর যুগ ধরে কেবল বঞ্চনার শিকার হয়েছে। স্বাধীনতার পর থেকে ক্ষমতার অনেকবার পালাবদল হয়েছে, কিন্তু উপকূলের আড়াই লক্ষাধিক মানুষের দুঃখের ইতিহাস রয়েই গেছে। বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছায় মাতামুহুরী নতুন উপজেলা হয়েছে। তাই এই জনগোষ্ঠীর দীর্ঘদিনের কান্না ও অরক্ষিত বেড়িবাঁধকে সর্বাগ্রে অগ্রাধিকার ভিত্তিতে তৈরির আকুলতা প্রকাশ করছে । আমরা উন্নয়ন চাই, কিন্তু সবার আগে বেড়িবাঁধ। কারণ, চাকচিক্যময় অবকাঠামোগত উন্নয়নের পরে উপকূলের রক্ষাকবচ বাঁধ ভেঙে গেলে সেই উন্নয়ন কোনো কাজেই আসবে না, বরং জনমনে হতাশা বাড়াবে। তাই নতুন উপজেলার চাকচিক্যময় ভবন নির্মাণের আগে জলোচ্ছ্বাস ও বন্যা থেকে বাঁচার টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণই আমাদের মৌলিক অধিকার এবং বাঁচা-মরার লড়াই।

ইতিহাস সাক্ষী, টেকসই বেড়িবাঁধের অভাব এবং নীতিনির্ধারকদের উদাসীনতার খেসারত এ অঞ্চলের মানুষকে তাজা লাশের পাহাড়ে দিতে হয়েছে। ১৯৬৯ সালের তুফানে এই জনপদ লণ্ডভণ্ড হয়েছে, আর ১৯৯১ সালের ২৯ এপ্রিলের সুপার সাইক্লোনে কোনো মজবুত বেড়িবাঁধ না থাকায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস পুরো পেকুয়া-চকরিয়া ও মাতামুহুরী উপকূলকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সরকারি হিসাবেই তখন লক্ষাধিক মানুষের সলিলসমাধি ঘটেছিল, যার সিংহভাগই এই অববাহিকার বাসিন্দা। ১ লক্ষাধিক গবাদিপশু ভেসে গিয়েছিল, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছিল ৫০ লক্ষ মানুষ। পরবর্তীতে সিডর, আইলা এবং প্রতি বছরের পাহাড়ী বন্যা এই জনপদকে বারবার শ্মশানে পরিণত করেছে। অথচ দশকের পর দশক ধরে শাসকেরা শুধু ত্রাণের টোপ ফেলে জনগণের ভোট ডাকাতি করেছে, কিন্তু স্থায়ী বাঁধের কোনো ব্যবস্থা করেনি। স্থানীয়দের দাবি স্পষ্ট—আমরা কোনো সরকারের ত্রাণের করুণা চাই না, আমাদের নিজেদের টেকসই বেড়িবাঁধের অধিকার চাই।তবে শুধু নদীর তীরে সিসি ব্লক বা মাটির টেকসই বাঁধ দিলেই এই চিরস্থায়ী বন্যার সমাধান হবে না। আসল মরণফাঁদ লুকিয়ে আছে ভেতরের মরে যাওয়া এবং বেদখল হওয়া শতাধিক প্রাকৃতিক খালের বুকে। এক সময় এই অভ্যন্তরীণ খালগুলো ছিল সম্পূর্ণ উন্মুক্ত। কিন্তু আজ প্রাকৃতিকভাবে পলি জমে খালগুলো নাব্যতা হারিয়েছে, খালের মুখসমূহ ভরাট হয়ে গেছে। স্লুইস গেটের মুখে জমে থাকা কচুরিপানা বছরের পর বছর পরিষ্কার না করায় তা পচে পলি জমে খালের নাব্যতাকে ধ্বংস করে দিয়েছে। একই অবস্থা ‘বুড়া মাতামুহুরী’ নদীরও। প্রভাবশালী ভূমিদস্যুরা খাল ভরাট করে দোকানপাট গড়ে তুলেছে, আবার আড়াআড়ি মাটির বাঁধ দিয়ে কৃত্রিম মাছের ঘের তৈরি করে পানির প্রবাহ অবরুদ্ধ করে রেখেছে। ফলে শুষ্ক মৌসুমে বোরো চাষের সেচ পানি মিলছে না, রাবার ড্যাম প্রকল্পের আওতায়ও পর্যাপ্ত পানি সংরক্ষণ করা যাচ্ছে না। চতর খালে সামান্য পানিতে খাল টইটম্বুর হয়ে গেলেও অল্প সেচেই তা ফুরিয়ে যায়। আর বর্ষায় কৃত্রিম বন্যায় কৃষকের ফসল বীজতলাতেই পচে যাচ্ছে। সম্প্রতি সরকারি উদ্যোগে ইলিশিয়া খালে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রশ্ন হলো—যে খালের পানি পচা কচুরিপানার কারণে বিষাক্ত, অক্সিজেনের চরম সংকট এবং যা পলি জমে প্রায় মৃত, সেখানে এই পোনাগুলো বাঁচবে কীভাবে? পোনা বেঁচে থাকার মতো ন্যূনতম প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত না করে এই কর্মসূচি কেবলই রাষ্ট্রীয় অর্থের অপচয় মাত্র। পোনা ছাড়ার আগে খালের প্রাণ ফিরিয়ে দেওয়া জরুরি।

একদিকে খাল দখল, অন্যদিকে মূল নদী থেকে চলছে বেপরোয়া বালু লুটের মহোৎসব। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা সম্পাদক, সাংবাদিক এবং সমাজকর্মী আলাউদ্দিন আলো তাঁর ফেসবুক আইডিতে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, “গত ২০ নভেম্বর চকরিয়া-পেকুয়া সীমান্তে বাঘগুজারা, মাতামুহুরী ব্রিজ ও বাটাখালী ব্রিজ সংলগ্ন নদী ও চরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বালি ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত এক্সক্যাভেটর মেশিন ও পাইপ বিনষ্ট করে। প্রশাসনের এই তৎপরতা প্রশংসনীয় হলেও বালুখেকো সিন্ডিকেট রীতিমতো প্রশাসনের সাথে লুকোচুরি খেলছে। অভিযানের সময় গা ঢাকা দিলেও প্রশাসন সরে গেলেই পুনরায় মেশিন বসিয়ে বালু লুটে মেতে ওঠে”। তিনি আরও উল্লেখ করেন, “বদরখালীতে প্যারাবন কেটে মাছের ঘের করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে একটি চক্র। তিনি প্যারাবনখেকো ও বালুখেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সর্বদা কঠোর নজরদারিতে রাখার দাবি জানান”।

মাতামুহুরী নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পরিকল্পিত নদী ড্রেজিং (খনন) জরুরি—এ কথা অনস্বীকার্য। কিন্তু একশ্রেণির স্বার্থান্বেষী মহল ড্রেজিংয়ের দোহাই দিয়ে অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক বালু উত্তোলনকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালায়, যা সম্পূর্ণ আত্মঘাতী। বৈজ্ঞানিক ড্রেজিং করা হয় প্রকৌশলীদের হাইড্রোলিক জরিপের ভিত্তিতে—যেখানে নদীর মাঝখানের ডুবোচর কেটে পানির মূল প্রবাহ সোজা রাখা হয় এবং তীরের স্বাভাবিক ঢাল অক্ষত থাকে। অন্যদিকে, বালুখেকোরা কোনো নিয়মের তোয়াক্কা না করে নদীর তীর ও বেড়িবাঁধের একদম কোলঘেঁষে ড্রেজার বসিয়ে গভীর গর্ত করে বালু তুলে নেয়। এর ফলে ‘আন্ডারকাটিং’ বা তলদেশ ক্ষয় প্রক্রিয়া শুরু হয়ে বাঁধের নিচের মাটির ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই অবৈজ্ঞানিক বালু লুটের কারণেই প্রতি বর্ষায় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও সংলগ্ন এলাকার কোনাখালী, পূর্ব বড় ভেওলার আনিছপাড়া, কন্যারকুম এবং পেকুয়ার মেহেরনামা পয়েন্টে বেড়িবাঁধ সবচেয়ে বেশি ভেঙে লোকালয় তলিয়ে যায়। এমনকি মাতামুহুরী সেতু ও বাঘগুজারা রাবার ড্যামের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও চরম ঝুঁকিতে পড়েছে। অর্থাৎ, এই অবৈজ্ঞানিক বালু উত্তোলন নদীর নাব্যতা তো ফিরিয়ে আনছেই না, বরং উপজেলার রক্ষাকবচ বেড়িবাঁধগুলোকে ধ্বংস করে পুরো জনপদকে নদীগর্ভে বিলীন করার মরণফাঁদ তৈরি করছে।

সদ্য জন্মানো এই উপজেলার অস্তিত্ব রক্ষায় প্রশাসনের এখনই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। মানুষ না বাঁচলে নাগরিক সেবায় কী হবে? তাই বিলাসবহুল ভবন নির্মাণের আগে অগ্রাধিকার ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করুন। সিএস ম্যাপ অনুযায়ী খাল ও নদীর সীমানা নির্ধারণ করে সব অবৈধ দখলদার, প্যারাবন ধ্বংসকারী এবং বালুখেকো গডফাদারদের আইনের আওতায় আনুন। একইসাথে ভরাট হওয়া শতাধিক খাল ও বুড়া মাতামুহুরী নদী ড্রেজিং করে জনগণের জন্য উন্মুক্ত করে দিন। নদী ভাঙন ও জলাবদ্ধতা থেকে বাঁচতে বেড়িবাঁধ নির্মাণ এবং খাল উদ্ধারই আজ মাতামুহুরীবাসীর আসল
বাঁচা -মরার লড়াই।
——————
বদরুল ইসলাম বাদল
কলামিস্ট ও সমাজকর্মী,
ডেমুশিয়া, মাতামুহুরি উপজেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা