বান্দরবানের লামা পৌরসভার সাবেক বিলছড়ি ৬ নং ওয়ার্ডে বৈদ্যুতিক তার চুরির কথোপকথনের অডিও রেকর্ডিংকে কেন্দ্র করে এক ব্যক্তিকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় মো. রহিম (৩৬) নামের এক ব্যক্তি লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী মো. রহিম সাবেক বিলছড়ি এলাকার বাসিন্দা। অভিযোগে অভিযুক্ত হিসেবে ওমথুই মার্মা প্রকাশ জাফর (৩০), মো. রহিম (২০), এমরান (২১) ও মাসুম বিল্লালের (২২) নাম উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক বিলছড়ি ও আশপাশের এলাকায় বৈদ্যুতিক তার চুরির গুঞ্জন থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ করেন অভিযোগকারী। পরে মোবাইল ফোনে অডিও রেকর্ড চালু রেখে তিনি অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে কথোপকথন করেন বলে দাবি করেন। তাঁর অভিযোগ, কথোপকথনের একপর্যায়ে তাঁরা বৈদ্যুতিক তার চুরির বিষয়টি স্বীকার করেন। পরে ওই অডিও রেকর্ডিংটি তিনি লামা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহিদ হাসানের কাছে দেন।
অভিযোগে আরও বলা হয়, অডিও রেকর্ডিং করার বিষয়টি জানতে পেরে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকেন। এর ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সাবেক বিলছড়ি বৌদ্ধবিহারের পাশের সড়কে তাঁদের সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, বৈদ্যুতিক তার চুরির ঘটনায় অভিযুক্তদের সাজা হলে তাঁকেও তাঁদের সহযোগী হিসেবে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এমনকি ভবিষ্যতে অন্য কোনো অপরাধ বা হত্যাকাণ্ডের ঘটনায় তাঁকে জড়িয়ে দেওয়া কিংবা গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি। এ বিষয়ে লামা থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।