নাটোরের সিংড়ায় চলনবিলের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে নাটোরের সিংড়া পৌরসভার পাটকোল এলাকা থেকে দুইটি অবৈধ সুতি জাল অপসারণ এবং বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন।
এসময় তারা জানায়, বিলের মধ্যে অবৈধভাবে সুতি জাল বসানোর কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং কচুরিপানা আটকে থাকছে। এতে আসন্ন বোরো মৌসুমে কৃষকদের ফসল রোপণ ও উৎপাদনে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া, অবৈধ এসব জালের ব্যবহারের ফলে চলনবিলের মা-মাছ ও পোনা মাছ নির্বিচারে নিধন হচ্ছে, যা বিলের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম ও মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন জানান, চলনবিলের প্রাকৃতিক পরিবেশ, মৎস্য সম্পদ এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।