স্বৈরাচার আমলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল, মানুষকে বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নেয়ার জন্য বাধ্য করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এক প্রশ্নের উত্তর দেয়ার সময় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, এক যুগেরও বেশি সময় আমরা স্বৈরাচারের সেই দুঃসহ শাসনামলে দেখেছি কিভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কিভাবে বাংলাদেশের খনিজ সম্পদকে দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে সকল কিছুকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল, কিভাবে এমন সব ইচ্ছাকৃতভাবে পলিসি গ্রহণ করেছিল, যার ফলে শিল্পের বিকাশ ঘটতে পারেনি স্বাভাবিকভাবে।
তবে শুধু শিল্প, জ্বালানিই নয় বরং চিকিৎসা ব্যবস্থাকেও পরিকল্পিতভাবে আওয়ামী লীগের আমলে ধ্বংস করা হয়েছিল বলে অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, একইভাবে আমরা দেখেছি সেই স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসা ব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময়ে যাও ছিল, স্বৈরাচারের সময়ে তা ধ্বংস করে দেয়া হয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে সেই স্বৈরাচারের সময়ে আমরা দেখেছি এমনভাবে চিকিৎসা ব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে, বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নেয়ার জন্য।