যশোরের মনিরামপুরে নদীর পানিতে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মন্ডল (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ উপজেলার কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাছ ধরতে যাওয়ার সময় স্থানীয় লোকজন হেলারঘাট এলাকায় রমেশের পাটার কাছে নদীর পানিতে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে অবহিত করা হলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ, নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারের সময় মরদেহটির পরনে ছিল কালো রঙের প্যান্ট, হলুদ রঙের শার্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি। চোখে ছিল পাওয়ার চশমা। শার্টের পকেটে একটি কলম ও ডায়েরি পাওয়া যায়। এ ছাড়া তাঁর ডান হাতে তামার আংটি এবং পায়ে চকলেট রঙের স্যান্ডেল ছিল।
তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।