ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নেওয়ায় ‘রুমা ব্রিকস’ নামের একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাটির ক্লিন (ইট পোড়ানোর চুলা) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কাজিরবেড় (জিন্নানগর) এলাকায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’-এর ৫(১) ধারা লঙ্ঘন করে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিল রুমা ব্রিকস। এ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় এবং ভবিষ্যতে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা না করার শর্তে মালিকপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে ভাটার কিলন ভেঙে ফেলা হয়।
অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু সাহা। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। এ সময় অধিদপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর মীর গিয়াস উদ্দিন ও নমুনা সংগ্রহকারী মো. কামরুজ্জামান সহযোগিতা করেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা আনসার ব্যাটালিয়ন ও পুলিশের দুটি দল দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, পরিবেশদূষণ রোধ ও আইনের কঠোর বাস্তবায়নে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।