ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নয় সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন সাঈদ-ই-আজমী শাওন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন এবং সদস্য-সচিব নির্বাচিত হয়েছেন মো. আশরাফুল ইসলাম রাজু।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বনানীতে আইএসপিএবির কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণ শেষে নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম সদস্য-সচিব টিপু কাউছার এবং সদস্য নাঈম মিয়া, মো. রকিবুল হাসান ইফতি, তোফাজ্জল হোসেন, মো. হাবিবুর রহমান হিমু ও শাহিনুর ইসলাম দিপু।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজয় কুমার পাল নির্বাচন পরিচালনা করেন। বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. মইনুল ইসলাম ও আবুল বাশার সজীব।
নির্বাচনে গাজীপুরের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক অঞ্চল। এ অঞ্চলে শিল্পকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ইন্টারনেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে উন্নত নেটওয়ার্ক অবকাঠামো, নিরবচ্ছিন্ন সংযোগ ও মানসম্মত গ্রাহকসেবার চাহিদাও বাড়ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গাজীপুরের আইএসপি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণের উদ্যোগ আরও জোরদার হবে। পাশাপাশি স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধান, নেটওয়ার্ক অবকাঠামোর উন্নয়ন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠায় নতুন কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন খাতসংশ্লিষ্টরা।