বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে কক্সবাজারের চকরিয়া পৌরশহরে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় চকরিয়া পৌরসভার কর্মকর্তা হায়দার আলীসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে পৌরশহরের কাঁচাবাজার, মুদি দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিষয়গুলো তদারকি করা হয়। বিভিন্ন অনিয়মের কারণে সংশ্লিষ্ট ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।