রাজধানীর উত্তরখানের আজমপুরে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সকাল ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শফিকুল ইসলামের শ্যালিকা রুবিয়া আক্তার জানান, ঝিনাইদহের গ্রামের বাড়ি আরাপপুর থেকে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গ্রিনলাইন পরিবহনের একটি বাসে ঢাকায় আসেন শফিকুল। উত্তরার আজমপুরে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।