• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Headline
চুয়াডাঙ্গায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, স্বামীকে গণপিটুনি চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের (১ম দিনের) কার্যক্রম সম্পন্ন নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন চকরিয়া পৌরশহরে ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা ঢাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঝিনাইদহ আরাপপুরের শফিকুল নিহত বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করলেন এপেক্স ক্লাব অব বান্দরবান কচুরিপানার দখলে মাতামুহুরীর শতাধিক খাল: খনন ও পুনরুদ্ধার সময়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কচুরিপানার দখলে মাতামুহুরীর শতাধিক খাল: খনন ও পুনরুদ্ধার সময়ের দাবি

নিজস্ব প্রতিনিধি / ৫৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বদরুল ইসলাম বাদল

—————————-
কচুরিপানার দখলে মাতামুহুরী উপজেলা—কথাটি শুনতে রসাত্মক মনে হলেও এটিই এখন রূঢ় বাস্তবতা। উপজেলার অভ্যন্তরীণ প্রতিটি জলাশয় কচুরিপানায় ঠাসা। খাল ও নদীগুলো দিয়ে নৌকা চালানো তো দূরের কথা, সাঁতার কাটাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কচুরিপানার ঘন আস্তরণ পুরো খালজুড়ে এমনভাবে জেঁকে বসেছে যে পানি প্রবাহের পথ প্রায় রুদ্ধ।

মাতামুহুরী উপজেলার গ্রামীণ অর্থনীতি, কৃষি ও জনজীবনের প্রাণপ্রবাহ হলো এর ভেতর দিয়ে জালের মতো ছড়িয়ে থাকা শতাধিক শাখা খাল। কিন্তু দীর্ঘদিনের প্রশাসনিক অবহেলা, পলি জমে নাব্যতা হারানো এবং কচুরিপানার ভয়াবহ আগ্রাসনে আজ এই খালগুলো মৃতপ্রায়। দীর্ঘকাল ধরে রাজনৈতিক উদাসীনতায় উপকূলীয় এই অঞ্চলটি চরম বৈষম্য ও উন্নয়ন-বঞ্চনার শিকার হয়েছে।

মূলত অতীতে কার্যকর রাজনৈতিক সদিচ্ছার অভাবেই এখানকার নদী ও খাল রক্ষায় কোনো টেকসই পদক্ষেপ নেওয়া হয়নি। আজ বদরখালী, কোনাখালী, ঢেমুশিয়া, সাহারবিল, ভেওলা মানিকচর, পূর্ব বড় ভেওলা ও পশ্চিম বড় ভেওলা—এই সাতটি ইউনিয়নের খালগুলো কচুরিপানার পুরু স্তরে ঢাকা পড়ে যাওয়ায় গ্রামীণ জনপদের চিরচেনা সমস্ত সুবিধা বন্ধ হয়ে গেছে।

একসময় মাতামুহুরী নদী ও মহেশখালী চ্যানেলের সাথে যুক্ত এই খালগুলোই ছিল পুরো অঞ্চলের জীবনরেখা। সড়ক যোগাযোগ গড়ে ওঠার আগে খালপথই ছিল মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। গ্রামীণ কৃষক ও প্রান্তিক মানুষ নামমাত্র খরচে নিজেদের ডিঙি নৌকায় ধান, সবজি, লবণ ও অন্যান্য সওদা নিয়ে হাটবাজারে যেতেন। সাপ্তাহিক হাটের দিনগুলোতে খালের ঘাটে শত শত নৌকা ভিড়ত। শুধু ব্যবসা-বাণিজ্য নয়, এই খালগুলোর সাথে জড়িয়ে ছিল অনন্য সামাজিক ঐতিহ্য। ছইওয়ালা নৌকায় নতুন বউ আনা কিংবা বাবার বাড়িতে মেয়ের ‘নাইয়র’ যাওয়ার সেই মধুর দৃশ্য আজ কেবলই স্মৃতি। পাশাপাশি উন্মুক্ত খালগুলোতে জাল ও বর্শি দিয়ে মাছ ধরে গ্রামীণ মানুষ প্রতিদিনের আমিষের চাহিদা মেটাতেন।

আজ সেই সোনালি চিত্র সম্পূর্ণ উল্টে গেছে। কচুরিপানার তীব্র জট এবং দখল-দূষণে খালগুলো রুদ্ধ হয়ে যাওয়ায় মানুষের জীবন-জীবিকায় সরাসরি আঘাত নেমে এসেছে। কচুরিপানার ঘন আস্তরণের নিচে সূর্যের আলো ও অক্সিজেন না পৌঁছানোয় দেশীয় মাছের প্রজনন ধ্বংস হচ্ছে এবং বিলুপ্ত হচ্ছে বহু প্রজাতির মাছ।কচুরিপানার এই ভয়াবহ আগ্রাসন কেবল মাতামুহুরীতেই সীমাবদ্ধ নয়, দেশ-বিদেশের বহু জনপদ আজ এই জলজ আগাছার কারণে বিপর্যস্ত। দেশের চাঁদপুরের ধনাগোদা নদী, বরগুনার আমতলীর সুবন্ধি খাল কিংবা পাবনার ইছামতি নদীতে কচুরিপানার তীব্র জটে নৌ-যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং সেচ ও মৎস্যসম্পদ ক্ষতির মুখে পড়েছে। আন্তর্জাতিক পর্যায়েও এর ভয়াবহতা স্পষ্ট; পূর্ব আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ, দক্ষিণ আফ্রিকার হার্টেবিসপোর্ট বাঁধ এবং ভারতের গোয়া ও পুনের জলাশয় কচুরিপানায় ঢেকে যাওয়ায় সেখানকার মৎস্যজীবীরা চরম সংকটে পড়েছে। বিশ্বব্যাপী এই আগ্রাসী উদ্ভিদটি যেভাবে জলাশয় ধ্বংস করছে, অবহেলিত মাতামুহুরী উপকূলেও তারই করুণ প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।সবচেয়ে ভয়াবহ সংকট তৈরি হয়েছে পানি নিষ্কাশন ও সংরক্ষণের ক্ষেত্রে। পলি জমে শাখা খালগুলো নাব্যতা হারিয়ে পানি ধারণের স্বাভাবিক ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছে। ফলে শুষ্ক মৌসুমে বোরো আবাদ ও রবিশস্যে সেচের তীব্র সংকট দেখা দিচ্ছে, আর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি কিংবা উজানের পাহাড়ি ঢলের পানি খাল দিয়ে নামতে না পেরে সরাসরি মানুষের বসতবাড়িতে উঠে আসছে।

প্রকৃতির এই বিপর্যয়ের চেয়েও বড় সত্য হলো, দীর্ঘদিনের রাজনৈতিক অবহেলা ও অপরিকল্পিত উন্নয়নই উপকূলবাসীকে এই দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাতামুহুরী উপজেলার সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হেফাজতুর রহমান চৌধুরী টিপু মিয়া বলেন, “”‘কচুরিপানা নিধন একসময় বাংলার রাজনৈতিক ইশতেহারেও সংযুক্ত ছিল। বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় খাল-বিল উদ্ধার ও পুনঃখননের মাধ্যমে মাতামুহুরীর প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা হবে।

উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের কান্না এই খাল খনন এবং কচুরিপানা পরিষ্কার করতে আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে উপজেলা প্রশাসনের মাধ্যমে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব””।’উপকূলীয় জনপদের এই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে কচুরিপানা অপসারণ ও খাল পুনরুদ্ধারের বিষয়টিকে উপজেলার সার্বিক উন্নয়ন মহাপরিকল্পনার (মাস্টারপ্ল্যান) সাথে যুক্ত করে বিশেষ প্রকল্প গ্রহণ করতে হবে।

বিচ্ছিন্ন কোনো উদ্যোগ না দিয়ে নতুন উপজেলার অবকাঠামো, কৃষি ও পানি ব্যবস্থাপনা পরিকল্পনার মূল অংশ হিসেবেই এই প্রকল্প বাস্তবায়ন করা জরুরি। তবে কেবল ওপর থেকে কচুরিপানা পরিষ্কার করাই যথেষ্ট নয়, স্থায়ী সমাধানের জন্য শতাধিক খাল গভীরভাবে খনন (পুনঃখনন) করতে হবে এবং খাল খননের আগে পাড়ের অবৈধ দখল ও মাটির বাঁধগুলো কঠোর হস্তে উচ্ছেদ করতে হবে।

নবগঠিত মাতামুহুরী উপজেলা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ফসল। অতীতের রাজনৈতিক উদাসীনতা পেছনে ফেলে সাতটি ইউনিয়নের মানুষের জীবন-জীবিকা রক্ষা এবং এই উপজেলাকে পরিবেশবান্ধব ও জলাবদ্ধতামুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। মহাপরিকল্পনার আওতায় দ্রুত খাল খনন ও কচুরিপানা অপসারণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মাতামুহুরীর খালগুলোতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসুক—এটাই বঞ্চিত উপকূলবাসীর প্রত্যাশা।
———–
লেখক–বদরুল ইসলাম বাদল
কলামিস্ট ও সমাজকর্মী
ডেমুশিয়া, মাতামুহুরি উপজেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা