প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে দেশের বিভিন্ন স্থানে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং নবসৃষ্ট দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
নতুন দুটি থানা
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার অধীনে ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন দুটি পৌরসভা
বগুড়া জেলার নবসৃষ্ট মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠনের অনুমোদন দিয়েছে কমিটি।
থানার নাম পরিবর্তন
ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।
উপজেলা সদর দপ্তর স্থানান্তর
সভায় নবসৃষ্ট দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের সিদ্ধান্তও গৃহীত হয়—
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পৌরসভা গঠন ও উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের বিষয়টি স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়িত হবে।