কক্সবাজারের রামুতে ছাগলে ধান খাওয়ার অজুহাত ও পূর্ব শত্রুতার জেরে এক গৃহিণীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গৃহিণীর নাম মমতাজ বেগম (৩৪)। তিনি রাজারকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌকিদারপাড়া গ্রামের ওবাইদুল হকের স্ত্রী। অভিযুক্ত যুবকের নাম মো. সোহেল (২৫)। তিনি একই গ্রামের আমির হোসেনের ছেলে।
আহত মমতাজ বেগম অভিযোগ করে জানান, অভিযুক্ত যুবক একই এলাকার বাসিন্দা হওয়ায় তার অপ্রাপ্তবয়স্ক মেয়ে শাহারা আক্তার সাখি (১৫)-কে প্রতিদিন মাদ্রাসায় যাওয়া-আসার পথে টিটকারী ও কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। মেয়েটি রামু রাজারকুল মাজুমিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। বিষয়টি জানতে পেরে মমতাজ বেগম অভিযুক্তের বাবাকে অবগত করেন। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় বলে ধারণা করছেন তিনি।
সেই আক্রোশের জের ধরে শুক্রবার দুপুর ১টার দিকে বিল থেকে ছাগল নিয়ে ফেরার পথে অভিযুক্তের বাড়ির সামনে পৌঁছালে মমতাজ বেগমকে একা পেয়ে ছাগলে ধান খাওয়ার অভিযোগ তোলা হয়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং হাতে থাকা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত মমতাজ বেগমকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।