আসন্ন এসএসসি পরীক্ষা ২০২৭-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করার প্রত্যয়ে চকরিয়া কোরক বিদ্যাপীঠে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে শিক্ষার্থীদের সার্বিক প্রস্তুতি, পাঠদানের মানোন্নয়ন, নিয়মিত অধ্যয়ন, দুর্বল শিক্ষার্থীদের বিশেষ পরিচর্যা এবং ভালো ফলাফল অর্জনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কোচিং ক্লাস পরিচালনা ও কার্যকর পাঠদান নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদেরের সঞ্চালনায় সমাবেশে আলোচক হিসেবে অংশ নেন সিনিয়র শিক্ষক এস এম মোহাম্মদ নুরুন্নবী, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সাকের এবং সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য দেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর পিপি মীর মোশাররফ হোসেন টিটু এবং চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু শোয়াইব। এ ছাড়া সমাবেশে উপস্থিত অভিভাবকেরা তাঁদের গঠনমূলক মতামত, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরেন।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সার্থকতা কেবল পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মেধা, মনন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের বিকাশের মাধ্যমেই তা প্রকাশ পায়।
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি এসএসসি ২০২৭-এ ভালো ফলাফল অর্জনে বিদ্যালয়ের আন্তরিকতা, শিক্ষকের নিষ্ঠা এবং অভিভাবকের সচেতন সহযোগিতার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।