ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য শাহীন আক্তারের ছেলে শাওন এবং সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই আব্দুস শুক্কুরসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা যায়, তাদের কাছে সিলেটে আসার কারণ জানতে চাইলে তারা বেড়াতে এসেছেন বলে জানান। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা সিলেটে অবস্থান করছেন বলে জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।
জানা গেছে, শাহীন আক্তার সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী। আটক ব্যক্তিরা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় আটক অপর দু’জনের পরিচয় এবং গ্রেপ্তারের বিস্তারিত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে মামলা রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।