• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় বনজায়গিরদারদের জমি দখলের চেষ্টা: মানববন্ধন ও বিক্ষোভ কুষ্টিয়া মডেল থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশের রাতভর বিশেষ অভিযান আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর কুষ্টিয়া এর সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত ঝিনাইদহে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান, দুই মালিককে জরিমানা ঝিনাইদহ এপেক্স ক্লাবের নতুন কমিটি গঠন চকরিয়ায় মরহুম মাওলানা আকবর আহমদসহ মুরব্বিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান এমপি পেকুয়ায় দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চকরিয়ায় বনজায়গিরদারদের জমি দখলের চেষ্টা: মানববন্ধন ও বিক্ষোভ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৬ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার রিংভং এলাকায় বন জায়গিরদারদের দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা, বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। জমি থেকে উচ্ছেদের আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন কয়েকশ বনজায়গিরদার পরিবার। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের বসতভিটা ও চাষাবাদের জমি দখলে নিতে একটি প্রভাবশালী পক্ষ নানা কৌশলে হয়রানি করছে। এমনকি জমি নিয়ে বিরোধের জেরে হামলার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। জমির মালিকানা, রেকর্ড, দীর্ঘদিনের ভোগদখল এবং আদালতের বিভিন্ন আদেশের বিষয় তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন সমিতির নেতারা।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার রিংভং ছগীরশাহ কাটা এলাকায় রিংভং বনজায়গিরদার ভূমিহীন সমবায় সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সমিতির সদস্য, তাঁদের পরিবারের সদস্যসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তাঁরা বসতভিটা রক্ষা, জমি জবরদখলের চেষ্টা বন্ধ, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হয়রানিমূলক মামলা থেকে মুক্তির দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত মঙ্গলবার সকালে চকরিয়ার পালাকাটা বুড়িপুকুর এলাকার ওসমান ও কামাল গংয়ের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বসতবাড়ি ও ভোগদখলীয় জমিতে হামলা চালায়। এ সময় অস্ত্রের মহড়া দিয়ে জমি জবরদখলের চেষ্টা, বসতবাড়িতে ভাঙচুর, গুলিবর্ষণ ও মালামাল লুটপাট করা হয়। হামলার ঘটনায় নারী, শিশু ও বয়স্ক সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, জমি দখলের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর উল্টো মামলা দিয়ে তাঁদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

ভুক্তভোগীরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে এবং বনজায়গিরদার হিসেবে বন বিভাগের কাছ থেকে পাওয়া জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছেন। এসব জমির ওপর তাঁদের পরিবারের জীবিকা ও ভবিষ্যৎ নির্ভরশীল। কিন্তু জমির মালিকানা ও ভোগদখল নিয়ে বিরোধের জেরে একটি প্রভাবশালী পক্ষ তাঁদের উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। সর্বশেষ হামলার পর থেকে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। যেকোনো সময় আবারও হামলা কিংবা বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন তাঁরা।

রিংভং বনজায়গিরদার ভূমিহীন সমবায় সমিতির সভাপতি নাছির উদ্দীন বলেন, ১৯৯৫ সালের ১৭ নভেম্বর সমিতিটি নিবন্ধিত হয়। বর্তমানে সমিতির সদস্যসংখ্যা প্রায় ৮৪০ জন। সদস্য ও তাঁদের পরিবারের প্রায় ১০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে বনজমি ও ভোগদখলীয় জমির ওপর নির্ভরশীল। এ ছাড়া কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী বন বিটের আওতাধীন এলাকায় প্রায় ছয় হাজার বনজায়গিরদার বসবাস করছেন।

জমির ইতিহাস তুলে ধরে নাছির উদ্দীন বলেন, ১৯০৭ সালে ৬৭৮৫ নম্বর গেজেটমূলে রিংভং মৌজার ৩৬ হাজার একর জমি কক্সবাজার উত্তর বন বিভাগের নামে রেকর্ড হয়। পরবর্তী সময়ে ১৯৪৭ থেকে ১৯৫৫ সালের মধ্যে বন বিভাগ ১০৫ জন ভূমিহীনকে রেজিস্টার্ড ভিলেজার হিসেবে নিয়োগ দেয়। তাঁরা বিনা বেতনে হাজার হাজার একর বনবাগান রোপণ, পরিচর্যা ও পাহারার দায়িত্ব পালন করেন। বিনিময়ে বন বিভাগের চাষযোগ্য জমি ভোগদখল করে জীবিকা নির্বাহ করতেন। তাঁদের উত্তরসূরিরা এখনো এসব জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছেন।

তিনি অভিযোগ করেন, বন বিভাগের এসব জমির প্রতি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর নজর রয়েছে। বনজায়গিরদারদের উচ্ছেদ করে জমি বন্দোবস্ত নেওয়া কিংবা দখলে নেওয়ার চেষ্টা বিভিন্ন সময়ে হয়েছে। পরবর্তী বিএস জরিপে প্রায় ১ হাজার ১০০ একর জমি জামাল আহমদ গংয়ের নামে বিএস ৪ নম্বর খতিয়ানে রেকর্ড করা হয়। এর পর থেকেই জমির মালিকানা ও ভোগদখল নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ওই বিরোধকে কেন্দ্র করে বনজায়গিরদার পরিবারগুলোকে উচ্ছেদের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

জমি নিয়ে বিরোধের বিষয়ে আদালতের বিভিন্ন মামলার তথ্য তুলে ধরে সমিতির সভাপতি জানান, ফাঁসিয়াখালীর বাসিন্দা মৃত রশিদ আহমদ চৌধুরী, মৃত দেলোয়ার হোসেন, নুর মোহাম্মদ ও মোহাম্মদ ইলিয়াছ বাদী হয়ে কক্সবাজারের যুগ্ম জেলা জজ আদালতে অপর মামলা নম্বর ৪৪/২০০৩ দায়ের করেন। ২০১০ সালের ২২ এপ্রিল তৎকালীন যুগ্ম জেলা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এক আদেশে মামলাটি খারিজ করে দেন।

নাছির উদ্দীন আরও জানান, ২০১১ সালে ছগীর শাহ ওয়াকফ স্টেট বাদী হয়ে বনজায়গিরদারদের বিরুদ্ধে এমআর ১৬৭/১১ নম্বর মামলা দায়ের করে। ওই মামলায় ভিলেজারদের জমিতে দখল রয়েছে মর্মে প্রতিবেদন দেওয়ার পর মামলাটি খারিজ হয়। এসব মামলা ও আদালতের আদেশের পরও জমি নিয়ে বিরোধের অবসান হয়নি বলে দাবি করেন তিনি।

সমিতির সভাপতি অভিযোগ করেন, দেলোয়ার হোসেনের ছেলে ছরওয়ার আলম খোকন, কাসেম আলী, ওসমান ও সাইফুল গং সংশ্লিষ্ট কোনো খতিয়ানের মালিক নন। তাঁদের বিরুদ্ধে দায়ের করা অপর মামলা ৯৪/৯৮, যার বর্তমান নম্বর ১৫২৯/২১। এ মামলায় চকরিয়ার সিনিয়র সিভিল জজ আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন বলে দাবি তাঁর।

তিনি আরও বলেন, গত ২ নভেম্বর চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদালতের আদেশ প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়। ওই আদেশের অনুলিপি গত ৫ নভেম্বর থানায় জমা দেওয়া হয়েছে। কিন্তু আদালতের আদেশ প্রতিপালন না করে ওসি ছরওয়ার আলম খোকন মেম্বারের দায়ের করা জিআর ৪৮২/২৬ নম্বর মামলাটি রুজু করেছেন বলে অভিযোগ করেন তিনি। এতে বনজায়গিরদার পরিবারগুলো আরও বেশি নিরাপত্তাহীনতায় পড়েছে। অনেকেই নিজেদের বসতবাড়িতে শান্তিতে ঘুমাতে পারছেন না। আদালতের আদেশ থাকা সত্ত্বেও জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তিনি।

এদিকে নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে সাম্প্রতিক হামলার ঘটনায় সংবাদ সম্মেলনও করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সেখানে তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসা জমি নিয়ে বিরোধের জেরে তাঁদের ওপর হামলা ও জবরদখলের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা কোনো সংঘাত চান না; বরং নিজেদের বসতভিটায় নিরাপদে বসবাস, জমির সুরক্ষা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে চান। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মালুমঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দু শুক্কুর, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও রিংভং বনজায়গিরদার ভূমিহীন সমবায় সমিতির সভাপতি নাছির উদ্দীন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ, ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক আব্দু শুক্কুরসহ সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা নাজমুল হাসান বলেন, এটি বন বিভাগের জায়গা। আমাদের বনজায়গিরদাররা দীর্ঘদিন ধরে জায়গাটি ভোগদখল করে আসছেন। সেখানে বহিরাগত কিছু লোক এসে জায়গাগুলো দখলের চেষ্টা করছেন। আমরা তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা