কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের একটি গোপন বৈঠক পণ্ড করে দিয়েছে পুলিশ।
গত সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বওনাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের মাছের প্রজেক্টে অভিযান চালিয়ে ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার এবং ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ‘জেল হত্যা দিবস’ পালনের অজুহাতে চকরিয়া ও মাতামহুরী উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২০০-২৫০ জন নেতাকর্মী সেখানে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বৈঠক করছিলেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল আজিজ ও চকরিয়া থানার ওসি মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের সময় পুলিশ দুপুর ১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। পরে পুলিশ পুরো এলাকা ঘেরাও করে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন: ইমতিয়াজ আহাম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মোঃ নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিহাস উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮), রেজাউল করিম টিটু (৪২)।
চকরিয়া থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।