পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, পাহাড়ি জনপদের মানুষের জীবনমান পরিবর্তন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূরের সঙ্গে পৃথক বৈঠক ও মতবিনিময় করেছেন মোঃ আব্দুল মালেক।
বৈঠকে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূরের সঙ্গে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক নথিতে তিনি স্বাক্ষর করেন। এ সময় পাহাড়ি তরুণদের জন্য বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরির সঙ্গে বৈঠকে বান্দরবানসহ পার্বত্য তিন জেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন মোঃ আব্দুল মালেক। এ সময় এলাকার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে মন্ত্রীর সুপারিশ গ্রহণ করেন বলে জানা গেছে।
বৈঠকে বিশেষভাবে দুর্গম পাহাড়ি এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং যুবসমাজের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় শেষে মোঃ আব্দুল মালেক বলেন, “পার্বত্য চট্টগ্রামের মানুষ আর উন্নয়নের সুযোগ থেকে পিছিয়ে থাকতে চায় না। পাহাড় ও সমতলের মানুষের জন্য সমান উন্নয়ন, সমান অধিকার এবং সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বিশেষ করে দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পাহাড়ি তরুণদের বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে এলাকার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জনপ্রতিনিধি ও স্থানীয় পর্যায়ের সংগঠকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উন্নয়নের সুফল যেন দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সেটিই হওয়া উচিত সবার লক্ষ্য।
মোঃ আব্দুল মালেক বর্তমানে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক এবং বান্দরবান পার্বত্য জেলা যুব অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।