“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় অত্যান্ত ঝাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বৈশাখী রঙিন প্ল্যাকার্ড, ফেস্টুন, ঢাক-ডোল এবং বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে নানা উপকরণে সজ্জিত হয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা সেন্টার হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।
উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় পান্তা-ইলিশসহ বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যা উপস্থিত অতিথিদের মাঝে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।