কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ইলিশিয়া গরুর বাজার অপসারণে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে বাজারের কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসক বা চকরিয়া উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে ইলিশিয়া গরুর বাজার পরিচালিত হয়ে আসছে। বাজারটি বন্ধের দাবিতে চকরিয়া পৌরসভার কাজির পাড়া এলাকার দলিল আহমদের ছেলে শামীম ওসমান বাদী হয়ে গত ১৭ মে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।
রিটের পরিপ্রেক্ষিতে গত ২৭ জুলাই হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হক ইলিশিয়া গরুর বাজার অপসারণের নির্দেশনা দিয়ে আদেশ দেন বলে জানান রিটকারী শামীম ওসমান।
তবে স্থানীয়দের দাবি, আদালতের নির্দেশনার পরও বাজারের কার্যক্রম বন্ধ হয়নি। বরং একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে আদালতের নির্দেশনা উপেক্ষা করে বাজার পরিচালনা করছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে সরেজমিন দেখা যায়, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়সংলগ্ন মাঠে বিশাল গরুর বাজার বসেছে। বিভিন্ন এলাকা থেকে আনা গরু সেখানে কেনাবেচা হচ্ছে। বাজারের কারণে বিদ্যালয়ে যাতায়াতে শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, বাজার বসার দিন বিদ্যালয়ের আশপাশে মানুষের ভিড় বেড়ে যায়। এতে স্বাভাবিক চলাচলে সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে বিদ্যালয়ে যাতায়াতের সময় তাদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয়রা বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত বাজারের কার্যক্রম বন্ধ করে আদেশ বাস্তবায়ন করা প্রয়োজন। আদালতের নির্দেশনা অমান্য করে কোনো মহল যাতে বাজার পরিচালনা করতে না পারে, সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
তাদের অভিযোগ, আদালতের আদেশ বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। একই সঙ্গে আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ‘আদালতের একটি নির্দেশনা হাতে এসেছে। এ বিষয়ে লিখিত জবাব দেওয়া হবে। আদালতের নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’