কক্সবাজারের মহেশখালীতে ছোট সৎ ভাইয়ের ইটের আঘাতে হাজী মুহিবুল্লাহ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নেছারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ায় নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাজী মুহিবুল্লাহ ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে জমির বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির একপর্যায়ে অভিযুক্ত নেছার পেছন থেকে বড় ভাই মুহিবুল্লাহর মাথায় বা শরীরে ইট দিয়ে সজোরে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটক নেছারের প্রাথমিক বরাতে জানা যায়, পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নিহত মুহিবুল্লাহ তাকে প্রায়ই প্রাণনাশের হুমকি দিতেন। ঘটনার দিন বিরোধের জেরে বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি ইট তুলে আঘাত করে বড় ভাইকে হত্যা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান বলেন, সৎ ভাইয়ের আঘাতে বড় ভাই খুন হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। জনতার সহায়তায় অভিযুক্ত নেছারকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।