চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় শামুক নিধন রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ কর্মীরা। এ সময় ৩ ব্যবসায়ীকে ৭ দিন করে কারাদণ্ড ও শামুক বোঝাই ট্রাক ও নৌকা জব্দ করে শামুক বিলেই অবমুক্ত করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে চলনবিলের ডাহিয়া ও সাতপুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, চলনবিলের জীববৈচিত্র্য ধ্বংস করে শামুক-ঝিনুক নিধনের দায়ে বাংলাদেশ বন্যপ্রাণী আইন অনুযায়ী তিনজন ব্যবসায়ীকে ৭ দিন করে জেল দেওয়া হয়েছে। সেই সাথে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার কেজি শামুক উদ্ধার করে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে রেখে দেওয়া হয়।
আটককৃতরা হলেন- দিনাজপুরের হরিরামপুর এলাকার মৃত শানচু তোপ্পের ছেলে শুকচান, একই জেলার পলাশবাড়ি এলাকার সানা মিয়ার ছেলে শাহজাহান ও জয়পুরহাট হাজারাপুর এলাকার মুদলীর ছেলে স্বপন।
চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, আমরা পরিবেশ কর্মীরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করছি। লিফলেট বিতরণ, মতবিনিময় সভা, উঠান বৈঠক এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। চলনবিলের জীব বৈচিত্র্য রক্ষা করা সকলের দায়িত্ব।