ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের আনুমানিক বয়স ৬০ বছর। মরদেহে পরিচয় ও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ বিল্লাল হোসেন জানান, মহেশপুরের সীমান্তবর্তী চাপাতলা এলাকার বিলের মাঠে ধানক্ষেতে দুপুর দেড়টার দিকে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা মহেশপুর থানা পুলিশ ও মহেশপুর ৫৮ বিজিবির অধীন কুসুমপুর বিওপি’কে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকাল সাগে তিনটার দিকে মরদেহ উদ্ধার করে ।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ‘মরদেহের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মার্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।’
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘খবর পেয়ে বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছিল। তবে মরদেহটি সীমান্ত এলাকার দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া যায়। যে কারণে মরদেহ নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে থানা পুলিশ।’