• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline
লোণা জলের গ্রাস ও শুকিয়ে যাওয়া নলকূপ: ধুঁকছে নবগঠিত মাতামুহুরি উপজেলা কোটচাঁদপুরে মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন দুর্ঘটনায় আহত শিবির নেতা ৩ বছর চিকিৎসাধীন থেকে মৃত্যু; নগর জামায়াত আমিরের শোক স্বৈরাচারের সময়ে মানুষকে বাধ্য করেছিল বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নেয়ার জন্য-প্রধানমন্ত্রী সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্জায় আত্নহত্যা শেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে : রিজভী ইউপি নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট

লোণা জলের গ্রাস ও শুকিয়ে যাওয়া নলকূপ: ধুঁকছে নবগঠিত মাতামুহুরি উপজেলা

নিজস্ব প্রতিনিধি / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বদরুল ইসলাম বাদল

পানি সমস্যা? শুনতে কেমন যেন লাগে। নদীমাতৃক দেশ বাংলাদেশ—বিশ্বের বৃহত্তম ব-দ্বীপের অন্যতম অংশ এবং বঙ্গোপসাগরের কিনারায় অবস্থিত এই জনপদ। অথচ বিস্তীর্ণ জলরাশির এই দেশে পানির জন্যই আর্তনাদ, হাহুতাশ আর বিলাপই বর্তমান সময়ের নিগূঢ় ও নির্মম বাস্তবতা। উপকূলীয় অন্যান্য দুর্গত এলাকার মতো এখন নবগঠিত মাতামুহুরী উপজেলার মানুষের প্রধান সমস্যা সুপেয় পানি। বর্ষায় অতিবৃষ্টির জলাবদ্ধতা আর প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ ভেঙে পুরো মাতামুহুরী তলিয়ে যাওয়া—প্রকৃতি যেন এই জনপদের মানুষের ভাগ্য নিয়ে এক নিষ্ঠুর খেলায় মেতে ওঠে। আবার শুষ্ক মৌসুম আসতেই শুরু হয় সম্পূর্ণ ভিন্ন রূপ; নলকূপে পানি মেলে না, আর যা-ও পাওয়া যায় তা অতিরিক্ত লবণাক্ত ও পানের অযোগ্য। উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির এই তীব্র সংকট বর্তমান সময়ের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়।

ভৌগোলিক কারণে মাতামুহুরী উপজেলা জলবায়ু পরিবর্তনের প্রথম সারির ভুক্তভোগী হলেও, এই সংকটের পেছনে স্থানীয় প্রশাসনের চরম উদাসীনতা ও আমলাতান্ত্রিক ধীরগতি অনেকাংশে দায়ী বলে মনে করে সচেতন মহল। এই জোড়া সংকট থেকে নবগঠিত মাতামুহুরী উপজেলাকে রক্ষা করতে তাঁরা এখনই তড়িৎ ও কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করছেন।

আজকের দিনে মাতামুহুরীর মানুষ এক বাটি পানির জন্যও ভূগর্ভের পানির ওপর সম্পূর্ণ নির্ভরশীল। অথচ মাত্র চার দশক আগেও চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। আশির দশকেও প্রতিটি গ্রামে ঐতিহ্যবাহী পুকুর ও দিঘি ছিল। গৃহস্থরা পারিবারিক পুকুর ভরাট হয়ে গেলেও তা পুনরায় খনন করে দূষণমুক্ত পানি সংরক্ষণের উপযুক্ত করে রাখতেন। বর্ষার বৃষ্টির পানিতে কানায় কানায় ভরা সেসব জলাশয় থেকেই গৃহস্থালির কাজ, স্নান ও গবাদিপশুর গোসল অনায়াসে সম্পন্ন হতো।

দুঃখের বিষয়, জলবায়ুর পরিবর্তন, অপরিকল্পিত পুকুর ভরাট আর প্রশাসনের সঠিক নজরদারির অভাবে সেই দৃশ্যগুলো আজ বিলুপ্ত। বর্তমান প্রজন্মের কাছে এই জলাশয়গুলো এখন কেবলই রূপকথার গল্প।

সুপেয় পানির এই তীব্র সংকট মাতামুহুরীর জনজীবনকে এক বহুমুখী ও দীর্ঘমেয়াদি বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই সংকট ও বিপর্যয় খালি চোখে দেখলেই বোঝা যায়, এর জন্য কোনো উচ্চতর বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন হয় না। মাতামুহুরীর এই মানবসৃষ্ট সংকটের অন্যতম কারণ হচ্ছে খালের মুখে স্লুইসগেটগুলো খোলা রেখে জোয়ারের লোনা জল ভেতরে ঢুকতে দেওয়া। এক শ্রেণির প্রভাবশালী মহল চিংড়ি চাষের অতিমুনাফার লোভে ডেমুশিয়ার মতো বিভিন্ন ইউনিয়নের আভ্যন্তরীণ সেচখালের মুখে অবৈধ মাটির বাঁধ, নেট ও পাটা দিয়ে নোনা পানি আটকে রাখছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের নাকের ডগায় এই অবৈধ কর্মকাণ্ড চললেও তাদের রহস্যজনক নীরবতা অপরাধীদের আরও প্রশ্রয় দিচ্ছে। ফলে মিঠা পানির উৎসগুলো আজ পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। এর ওপর বুড়া মাতামুহুরী নদী ও ডেমুশিয়া খালের মতো গুরুত্বপূর্ণ জলপথগুলো পলি ও কচুরিপানায় ভরাট হয়ে নাব্য হারাচ্ছে, যা সংকটকে আরও তীব্র করেছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় বা বিকল্প সুপেয় পানি সরবরাহে কোনো দৃশ্যমান টেকসই উদ্যোগ নেই বললেই চলে।

নতুন উপজেলাকে শুধু প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মধ্যে সীমাবদ্ধ রাখলে তার সুফল সাধারণ মানুষ পাবে না। অঞ্চলভিত্তিক মৌলিক সমস্যাগুলোর প্রতি নজর না দিলে এটি নামকাওয়াস্তে একটি জাঁকজমকপূর্ণ উপজেলা হয়েই থাকবে। এই বিপর্যয় থেকে মাতামুহুরীকে রক্ষা করতে হলে প্রশাসনকে অনতিবিলম্বে কিছু কঠোর ও কৌশলগত পদক্ষেপ নিতে হবে। প্রথমত, নবগঠিত উপজেলাটির প্রশাসনিক ও অবকাঠামোগত মূল নকশা তৈরির সময়েই দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে একটি আধুনিক ও বৃহৎ ‘সুপেয় পানির প্ল্যান্ট’ স্থাপনের প্রস্তাবনা বাধ্যতামূলকভাবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করতে হবে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ না বাড়িয়ে ভূপৃষ্ঠের পানিকে পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে প্রতিটি ঘরে পানি পৌঁছানোর স্থায়ী ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, আভ্যন্তরীণ খালের মুখে দেওয়া সব ধরনের অবৈধ মাটির বাঁধ, নেট ও পাটা অবিলম্বে উচ্ছেদ করতে হবে এবং বুড়া মাতামুহুরী নদীসহ উপজেলার শতাধিক খালের নাব্য ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে ড্রেজিং শুরু করতে হবে। কোনো একক প্রভাবশালী মহলের হাতে স্লুইসগেটের নিয়ন্ত্রণ না রেখে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে প্রকৃত কৃষকদের নিয়ে একটি জবাবদিহিমূলক কমিটি গঠন করতে হবে। একই সাথে সরকারি উদ্যোগে প্রতিটি গ্রামে হারিয়ে যাওয়া বড় বড় পুকুর ও দিঘিগুলো পুনরায় খনন করতে হবে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে সুনির্দিষ্ট হাইড্রোলজিক্যাল ম্যাপিংয়ের মাধ্যমে পর্যাপ্ত গভীর নলকূপ স্থাপন করতে হবে।

অবকাঠামোর জৌলুসে ভরপুর নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ পরিবেশ-প্রতিবেশ ও সামাজিক সৃজনশীলতা নিয়ে গড়ে উঠুক আমাদের মাতামুহুরী উপজেলা। ফসলের মাঠ যদি পানির অভাবে ধ্বংস হয়ে যায় এবং প্রান্তিক মানুষকে যদি এক কলসি সুপেয় পানির জন্য মাইলের পর মাইল হাঁটতে বাধ্য করা হয়, তবে এই নতুন উপজেলাও দ্রুতই বসবাসের অযোগ্য হয়ে পড়বে। মাতামুহুরীর টেকসই ও মানবিক উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং সরকারের নীতি-নির্ধারকদের এখনই সমন্বিত ও কঠোর পদক্ষেপ নিতে হবে। পাতালশূন্যতা দূর করতে বৃষ্টির পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা, নতুন মাস্টারপ্ল্যানে ওয়াটার প্ল্যান্ট রাখা এবং মাতামুহুরীর মাটিকে লোনা জলের গ্রাস থেকে মুক্ত করা আজ আর কোনো সাধারণ আবেদন নয়, এটি এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার এবং অধিকার আদায়ের প্রধান শর্ত।
——-
কলামিস্ট ও সমাজকর্মী,
ডেমুশিয়া, মাতামুহুরি উপজেলা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা