ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনকালে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় সংক্ষিপ্ত বিচার আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।
রোববার (৮ নভেম্বর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে গ্রেফতার করে।
তারা হলেন, কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকার মনির খানের ছেলে মোঃ মেহেদী হাসান মুন্না (৩০) এবং মহেশপুর উপজেলার আলামপুর ব্রীজঘাট এলাকার সাইফুল ইসলামের ছেলে সুজন (২০)।
গ্রেফতারের পর তাদের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। পরবর্তীতে সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৬ ও ২১ অনুযায়ী মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তাদের দোষী সাব্যস্ত করেন।
আদালত মেহেদী হাসান মুন্নাকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং সুজনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।