ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে গত তিন মাসে অভিযান চালিয়ে ৪ কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক উদ্ধার করেছে ৫৮ বিজিবি। এ সময় ২০ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৫৮ বিজিবির অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ৫৭৫ গ্রাম স্বর্ণ, দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, ১৫৫টি গরু এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১ হাজার ২৫২ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৫৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ৬ হাজার ৭৪৩ পিস ইয়াবা, প্রায় ৫০ কেজি গাঁজা এবং ৮ হাজার ৩৬১ পিস বিভিন্ন ধরনের নেশার ট্যাবলেট।
অন্যদিকে, কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত বিস্তৃত বিজিবির দক্ষিণ-পশ্চিম (যশোর) রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের অভিযানে একই সময়ে প্রায় ৮৮ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করা হয়েছে।
এ রিজিয়নে ১৫৭ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি অস্ত্র, ছয় রাউন্ড গুলি এবং ৯৪ কেজির বেশি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান ঠেকাতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধ এবং সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বাহিনীটি।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন প্রতিরোধ এবং মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সব সময় সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, দেশ ও দেশের সীমান্ত এলাকার শৃঙ্খলা বজায় রাখতে কোনো ছাড় দেওয়া হবে না। এসব কার্যক্রমে স্থানীয় প্রশাসন, পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে বিজিবি।