আগামী ১৪ জুন কক্সবাজারের চকরিয়া, নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া উপজেলায় বেশ কয়েকটি প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে চকরিয়া পৌর বাসটার্মিনালে আয়োজিতব্য বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর শুভাগমনকে কেন্দ্র করে প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে জোর প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ডুলাহাজারা সাফারি পার্কের বৃক্ষরোপণ কর্মসূচির স্থান এবং চকরিয়া পৌর বাসটার্মিনালে জনসভার নির্ধারিত ভেন্যু সরেজমিনে পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক এম. নুরুল আমিন কমিশনার, এএম আলী আকবর, জাহাঙ্গীর আলম ভুট্টো, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে সিনিয়র সচিব প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও জনসভা সুষ্ঠু, নিরাপদ এবং সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চকরিয়াজুড়ে নিরাপত্তা, জনসমাগম ব্যবস্থাপনা এবং অনুষ্ঠানস্থলের অবকাঠামোগত প্রস্তুতি জোরদার করা হয়েছে।