কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে বন্যার তীব্র স্রোতে ভেসে যাওয়া সুজিত দাস (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর রোববার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জলদাসপাড়া এলাকার মাতামুহুরী নদীসংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুজিত দাস একই এলাকার তুফান দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৈয়ারবিলের জলদাসপাড়া এলাকায় সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি মাতামুহুরী নদীর দিকে প্রবাহিত হচ্ছিল। শনিবার বিকেল ৩টার দিকে সুজিত আরও দুজনের সঙ্গে ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হঠাৎ তার পা পিছলে পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই প্রবল স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন বলেন, ঘটনার পরপরই স্থানীয়দের পাশাপাশি উদ্ধারকারী দল অভিযান শুরু করলেও প্রবল স্রোতের কারণে তা ব্যাহত হয়। অবশেষে প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে সুজিতের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের নর্থ জোনের ইনচার্জ দিদারুল হক জানান, ঘটনাস্থলে পানির স্রোত অত্যন্ত তীব্র থাকায় উদ্ধার অভিযান পরিচালনায় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। পরে চট্টগ্রাম থেকে আসা বিশেষায়িত ডুবুরি দলের সহায়তায় বিকেল ৩টার দিকে কিশোরটির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বন্যাকবলিত এলাকায় চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।