পেকুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেনকে।
বুধবার (২৮ অক্টোবর) পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে দুপুর ২টায় কক্সবাজারের এ কিংবদন্তীর নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলামা ও পেকুয়া থানার ওসি তদন্ত ইমরুল হাসানের নেতৃত্বে জাতির শ্রেষ্ট সন্তানকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে তাঁকে পেকুয়া পৌরসভার পুর্ব গোঁয়াখালী এলাকায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
কামাল হোসেন পেকুয়া পৌরসভার পূর্ব গোয়াখালী এলাকার মরহুম আলহাজ কবির আহমদ সওদাগরের জ্যৈষ্ঠ সন্তান।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামাল হোসেন ছিলেন পেকুয়ার শিক্ষা, রাজনীতি ও আইন অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিত্ব। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা এই গুণী ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ এতদঞ্চলের সফলতার শিখরে উত্তীর্ণ শত শত বিজ্ঞজনের শিক্ষক ছিলেন।
তিনি পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা তিনবার নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে সততা, নিরপেক্ষতা ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ বিএনপি ও আওয়ামী লীগ সরকারের আমলেই দুবার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন। তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন।
এছাড়া তিনি দীর্ঘদিন কক্সবাজার জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং আমৃত্যু আওয়ামী রাজনীতির ধারক-বারক ছিলেন। নীতির সাথে কোনদিন আপোষ করেননি।
নামাযে জানাযায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন আহমদ,পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, কামাল চেয়ারম্যানের ছেলে অ্যাডভোকেট রাশেদুল কবির, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, অবসরপ্রাপ্ত শিক্ষক সালাহ উদ্দিন এমএ, মুজিবুল হক চৌধুরীসহ অনেকে।
নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্তানে পিতার কবরের পাশে সমাহিত করা হয়।