কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার ব্যবসায়ী সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। আগুনে প্রায় ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ডুলাহাজারা বাস-স্টেশন সংলগ্ন মিনি ফুটবল স্টেডিয়ামের দক্ষিণ পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী খালেদ চৌধুরী জানান, ভোররাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করেন। পরে এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কেউ কাছে যেতে পারেননি। এর মধ্যেই চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাকি আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— সাইমুন, আইমন, বেলাল ও শফিক। প্রত্যক্ষদর্শী খালেদ চৌধুরী ব্যবসা হারানো এসব দোকানদারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন, “আগুন লেগে মুহূর্তের মধ্যেই চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডে তাদের ২০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। বিষয়টি ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।”