• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

রাস আল খাইমাহতে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩, আহত ১৪

গিয়াস উদ্দিন সিকদার আমিরাত প্রতিনিধি / ১৭ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে যাত্রীবাহী বাস ও লরির ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস।

মঙ্গলবার ভোরে রাস আল খাইমাহর সাউদার্ন রিং রোডের পাশে আল ওয়াতান স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে। রাস আল খাইমাহ পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ৪১ জন যাত্রী বহনকারী একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্ক করে রাখা একটি লরিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যুর খবর জানানো হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আল মুনিয়াই পুলিশ স্টেশন এবং রাস আল খাইমাহ পুলিশের অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার ও জরুরি চিকিৎসা কার্যক্রমে হাত্তা পুলিশ, দুবাই অ্যাম্বুলেন্স, দুবাই সিভিল ডিফেন্স এবং কাদরা এলাকার সংশ্লিষ্ট জরুরি সেবাদানকারী দলও অংশ নেয়।

এদিকে, দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক থাকার বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে দূতাবাস এ কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় জড়াল, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, নিরাপদ দূরত্ব বজায় রাখা, গতিসীমা মেনে চলা এবং সড়কের পরিস্থিতি বিবেচনায় গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে পুলিশ। বিশেষ করে পেশাদার চালকদের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ নয় ঘণ্টা গাড়ি চালানোর সময়সীমাসহ সংশ্লিষ্ট ট্রাফিক বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রাস আল খাইমাহ পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাসংক্রান্ত কোনো গুজব বা যাচাইবিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকতে হবে। গুজব ও ভুয়া খবর প্রচার করা দেশটির আইন অনুযায়ী অপরাধ।

উল্লেখ্য, চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে এটি দ্বিতীয় বড় ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। গত ১২ নভেম্বর ফুজাইরার শেখ খলিফা বিন জায়েদ সড়কে ১৮টি গাড়ি ও পাঁচটি লরির সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন।

ওই দুর্ঘটনায় একই স্থানে পরপর দুটি সংঘর্ষের ঘটনা ঘটে বলে তদন্তকারীরা জানান। প্রথম ঘটনায় একটি গাড়ি রাস্তার পাশে পার্ক করা লরিকে ধাক্কা দেয়। পরে দুটি শিপিং কনটেইনার বহনকারী একটি লরি উল্টে যাওয়ার আগে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুজাইরার ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে আটজন আমিরাতি, সাতজন ভারতীয়, ছয়জন ওমানি, তিনজন মিশরীয়, দুজন জর্ডানীয়, দুজন পাকিস্তানি এবং দুজন ব্রাজিলীয় নাগরিক ছিলেন।

পরপর বড় ধরনের সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমিরাতের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা