কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে সাবিদ নামের ৪ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি কদ্দাছড়া এলাকায়।
নিহত শিশু সাবিদ ওই এলাকার পারভেজের পুত্র এবং স্থানীয় মরহুম মাস্টার মোহাম্মদ খালেদের নাতি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশু সাবিদ। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে পুকুর থেকে উদ্ধার করলেও ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে চরম অন্ধকার
এদিকে ফুটফুটে শিশু সাবিদের অকাল মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো কদ্দাছড়া গ্রামে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পিতা-মাতা ও আত্মীয়-স্বজনরা বারবার মূর্ছা যাচ্ছেন। শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে পাড়া-প্রতিবেশী ও স্থানীয় লোকজন তাদের বাড়িতে ভিড় করছেন।