সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ রাজন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ক্ষিরপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাজন তাড়াশ উপজেলার বারুহাস গ্রামের মৃত হায়দার খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষিরপোতা এলাকায় রাজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন যুবক তাকে আটক করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সিংড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষিরপোতা গ্রামের কয়েকজন যুবকের সহায়তায় রাজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।