কক্সবাজারের চকরিয়া উপজেলার ৩ নম্বর কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন আরমান কবির আকিব।
ইউনিয়নের উন্নয়ন, তরুণদের সম্পৃক্ততা এবং সামাজিক পরিবর্তনের প্রত্যয় নিয়ে ইতোমধ্যে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন তিনি।
আরমান কবির আকিব ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি)-এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি অধ্যয়নরত।
তরুণদের ভবিষ্যৎ ও সামাজিক উন্নয়ন নিয়ে নিজের ভাবনা তুলে ধরে আকিব বলেন, একটি সমাজের সবচেয়ে বড় শক্তি তরুণ প্রজন্ম। তাদের সঠিক দিকনির্দেশনা, কাজের সুযোগ এবং ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা গেলে সমাজে উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব।
তিনি কৈয়ারবিল ইউনিয়নের তরুণদের মাদকমুক্ত, শিক্ষিত, কর্মমুখী ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও জানান, তরুণদের পাশে থেকে তাদের ভালো উদ্যোগগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে চান। ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি উন্নত ও সম্ভাবনাময় কৈয়ারবিল গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
সম্ভাব্য প্রার্থিতার প্রচারণায় তাঁর পোস্টারে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ ও ন্যায্য সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও তুলে ধরা হয়েছে।
‘উন্নয়নের পথে একসাথে’ এবং ‘আপনাদের সাথে, আপনাদের জন্য’- এমন স্লোগান সামনে রেখে সম্ভাব্য প্রার্থিতার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আরমান কবির আকিব।