শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে অভিযানের ঘটনায় এ পর্যন্ত ৪ জেলায় মোট ৫৮ জন নিহত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। তিনি জানান, ওই ঘটনায় ট্রাইব্যুনালের তদন্তকারীরা এই সংখ্যার বিষয়ে নিশ্চিত হয়েছেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘নিহত কয়েকজনের ময়নাতদন্ত প্রতিবেদন, কবর শনাক্ত ও তাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে।’
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় ১ জন নিহত হন।
এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল বলেন, ‘ওই ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ মোট আসামি ৩০ জনের কম হবে না। তবে এ পর্যায়ে তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না।’
চিফ প্রসিকিউটর আরও জানান, এটি মানবতাবিরোধী অপরাধের মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে এবং তদন্তকাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, ‘আগে একটা ইঙ্গিত ছিল যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও এই মামলায় আসামি করা হতে পারে। তবে আমরা তথ্য পেয়েছি যে সে সময়ে তিনি বিদেশে ছিলেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।’
‘দায় নির্ধারণের ক্ষেত্রে “হুকুমদাতা” হলেও বিবেচনা করা হচ্ছে,’ যোগ করেন তিনি।
উল্লেখ্য, এ মামলায় ট্রাইব্যুনাল গত ১২ মার্চ শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।