বান্দরবানের লামা উপজেলার প্রয়াত সাংবাদিক আবু হোরায়রা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) জোবাইরা বেগমের কন্যা সৈয়দা তামান্না হোরায়রা ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন খাত থেকে সরকারি রাজস্ব আদায় করে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে।
সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রার নেতৃত্বে ভূমি অফিসের সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও ডিজিটাল কার্যক্রমের ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক অগ্রগতি এসেছে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে।
রাজস্ব আদায়ের খাত ভিত্তিক তথ্য অনুযায়ী ভূমি উন্নয়ন কর থেকে আদায় হয়েছে ১৩ কোটি ৭ লাখ ২৮ হাজার ৪৬২ টাকা। অনলাইনে আদায়কৃত নামজারি ফি থেকে ২ কোটি ৬২ লাখ ৯ হাজার ১৭০ টাকা। চলনাদিত্ব (মিউটেশন) নবায়ন বাবদ ১ লাখ ৭৫ হাজার ১৫৬ টাকা। ডিপি লিজ মানি থেকে ৫ লাখ ১ হাজার ৯৬৪ টাকা। মোবাইল কোর্টের মাধ্যমে আদায় হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা। সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা বলেন, “সরকারি রাজস্ব আদায়ে জনগণের আন্তরিক সহযোগিতা ও সচেতনতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি ও উন্নত ভূমি ব্যবস্থাপনায় আমরা নিরলসভাবে কাজ করে যাব।
তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সকল সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে ডিজিটাল সেবার প্রসার এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ এ সাফল্যের জন্য ময়মনসিংহ সদর উপজেলার সকল ভূমি মালিক, সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।