কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জুলাই) সকালে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন জেলার বিভিন্ন কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী অবস্থান করছেন। এ অবস্থায় দিনের আলোতে জনসম্মুখে সশস্ত্র হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২ নম্বর ওয়ার্ড এলাকায় ব্যবসায়ী রমিজ উদ্দিনের ওপর সশস্ত্র হামলা চালানো হয়।
অভিযোগ রয়েছে, একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে লালটু এবং ওলা মিয়ার ছেলে বাবু প্রকাশ্যে রমিজ উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রমিজ উদ্দিনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরিভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনের বেলায় প্রকাশ্যে এ ধরনের সশস্ত্র হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগী পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। হামলার পেছনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টির প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।”