সরকারি দপ্তরসমূহের ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদের আহ্বান
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সরকারি দপ্তরগুলোর ওয়েব পোর্টাল নিয়মিত ও সময়োপযোগীভাবে হালনাগাদ করার আহ্বান জানানো হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনা’য় উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সনাক ও টিআইবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্যরোধে তথ্য অধিকারের ভূমিকা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় টিআইবি চট্টগ্রাম বিভাগের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন ‘চকরিয়া উপজেলার সরকারি অফিসসমূহের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২৬’ উপস্থাপন করেন।
সনাক সভাপতি সন্তোষ কুমার সুশীলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় উপজেলার ৩১টি সরকারি ওয়েব পোর্টালের হালনাগাদ তথ্যের বর্তমান অবস্থা, তথ্য প্রকাশের মান এবং বিভিন্ন ঘাটতির চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে ওয়েব পোর্টালে তথ্য হালনাগাদের হার ৯ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। তবে সামগ্রিকভাবে প্রকৃত হালনাগাদের হার মাত্র ৪৭ দশমিক ৪৬ শতাংশ, যা সন্তোষজনক নয়।
ওয়েব পোর্টালগুলো মোট সাতটি সূচকের ভিত্তিতে পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে ২০২৫ সালের তুলনায় চারটি সূচকে তথ্য হালনাগাদের হার বেড়েছে এবং তিনটি সূচকে কমেছে।
সূচকভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নোটিশ বোর্ডের তথ্য ২০২৫ সালে ২৯ দশমিক ০৩ শতাংশ হালনাগাদ থাকলেও ২০২৬ সালে তা কমে ১৯ দশমিক ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। খবর অংশে ২০২৫ সালের ১৬ দশমিক ১৩ শতাংশ থেকে কমে ২০২৬ সালে হয়েছে ১২ দশমিক ৯০ শতাংশ। একইভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য ৩৫ দশমিক ৪৮ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ২৫ শতাংশ হয়েছে।
অন্যদিকে যেসব সূচকে হালনাগাদের হার বেড়েছে, তার মধ্যে অফিস প্রধানের তথ্য ২৫ দশমিক ৮১ শতাংশ থেকে বেড়ে ৫১ দশমিক ৬১ শতাংশ হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের তথ্য ৯৩ দশমিক ৫৫ শতাংশ থেকে বেড়ে ১০০ শতাংশ, সেবাসমূহের তথ্য ৩২ দশমিক ২৬ শতাংশ থেকে বেড়ে ৬১ দশমিক ২৯ শতাংশ এবং যোগাযোগের তথ্য ৩২ দশমিক ২৬ শতাংশ থেকে বেড়ে ৫৪ দশমিক ৮৪ শতাংশ হয়েছে।
প্রেজেন্টেশনে টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদের জন্য কয়েকটি সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—চকরিয়া উপজেলার সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল মাসে অন্তত একবার পর্যালোচনা করে নিয়মিত ও সময়োপযোগী তথ্য হালনাগাদ করা; প্রতিটি দপ্তরে সুনির্দিষ্ট তথ্য প্রদানকারী কর্মকর্তা (ডিও) নিয়োগ করে তাঁর নাম, পদবি ও যোগাযোগের ঠিকানা পোর্টালে স্পষ্টভাবে প্রকাশ করা; সেবার মূল্য, প্রাপ্তির সময়সীমা ও প্রক্রিয়া উল্লেখ করে পূর্ণাঙ্গ সিটিজেন চার্টার প্রকাশ করা; গুগল ম্যাপের পাশাপাশি অফিসের পূর্ণাঙ্গ ডাক ঠিকানা যুক্ত করা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কারিগরি ত্রুটি ও পুরোনো তথ্য দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া।
প্রেজেন্টেশন শেষে মুক্ত আলোচনায় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের ওয়েব পোর্টাল দ্রুত হালনাগাদ করার প্রতিশ্রুতি দেন। উপজেলা আইসিটি কর্মকর্তা সজীব চৌধুরী আগামী এক মাসের মধ্যে সব দপ্তরের তথ্য হালনাগাদ করার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলওয়ার ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের জন্য টিআইবিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল সবসময় হালনাগাদ রাখতে হবে, যাতে জনগণ সবসময় সঠিক ও হালনাগাদ তথ্য পেতে পারে।”
তিনি আরও বলেন, কিছু কিছু সরকারি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টালের অবস্থা খুবই শোচনীয়। এসব পোর্টাল দ্রুত হালনাগাদ করা প্রয়োজন। আগামী বছর চকরিয়া উপজেলার সরকারি দপ্তরগুলোর ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদ থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে সনাক সদস্য জারিয়াতুল মোস্তফা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।