কোটচাঁদপুরে মাত্র তিন বছর বয়সী শিশু মোঃ ফারহান ইসলামের হৃদয়ে ছিদ্র ধরা পড়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। এর মধ্যে ২ লাখ টাকা জোগাড় করতে পারলেও বাকি ২ লাখ টাকার সংস্থান করতে পারছে না অসহায় পরিবারটি। সন্তানের চিকিৎসা যেন অর্থের অভাবে বন্ধ হয়ে না যায়, সে জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন ফারহানের বাবা-মা।
এদিকে, শিশুটির চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কয়েকজন মানবিক ও হৃদয়বান ব্যক্তি। তাঁদের উদ্যোগে সংগৃহীত ৯২ হাজার ২০০ টাকা ফারহানের বাবা মোঃ ইসমাইল হোসেনের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম হোসাইন, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক ও মানবাধিকারকর্মী রফিক মন্ডল, দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক ও অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কোটচাঁদপুর উপজেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক মাতৃজগত পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মী মামুন হোসেন এবং মানবাধিকারকর্মী আবু বকর সিদ্দিক।
ফারহান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবা মোঃ ইসমাইল হোসেন এবং মা মোছাঃ সাথী খাতুন। যে বয়সে মায়ের কোলে বসে হাসি-খেলায় মেতে থাকার কথা, সেই বয়সেই গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় দিন কাটছে শিশুটির।