কক্সবাজার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীর উপর হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পেকুয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে পেকুয়া উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতি ও পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি।
সমাবেশে বক্তারা বলেন, মাঠে নিয়মিত ক্রীড়াচর্চা করা একজন খেলোয়াড়ের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সাঈদী কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা ফুটবল দলের নিয়মিত গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ওপর হামলার ঘটনায় জড়িতদের কোনো ধরনের প্রভাব বা পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পেকুয়া উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, সাঈদী দীর্ঘদিন ধরে জেলা ও মহেশখালী উপজেলা দলের হয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। তার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক, অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। মহেশখালী পুলিশ প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় পেকুয়ার খেলোয়াড় ও ফুটবল একাডেমির সদস্যদের নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
সমিতির উপদেষ্টা আনোয়ার হোসেন এমজারু বলেন, সাঈদী পেকুয়ার ক্রীড়াঙ্গনের গর্ব। পেকুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত গোলকাপ ফুটবল টুর্নামেন্টে সম্মিলিত উজানটিয়া খেলোয়াড় সমিতির হয়ে গোলরক্ষক হিসেবে তার পারফরম্যান্স ছিল গুরুত্বপূর্ণ। তার অসাধারণ ভূমিকার কারণেই দলটি চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছে। একজন ক্রীড়াবিদের ওপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।
ক্রীড়াবিদ মো. হারুনুর রশিদের সঞ্চালনায় কর্মসূচিতে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির সহসভাপতি মো. আমিন, বাপ্পী, বিডিআর মোর্শেদ, ক্রীড়া সংগঠক আজম ইকবাল, নাসির উদ্দিন, বাচ্চু আনিস ও সাকিলসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় পেকুয়ার কৃতি ফুটবলার হাসান, রাজু, হাবিব, আনিস কামাল, ফুটবলার হাসান-২ ও মেহেদীসহ বিভিন্ন এলাকার খেলোয়াড়, ক্রীড়ামোদী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।