ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈম খান (২৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাঈম খান কোটচাঁদপুর গাবতলা পাড়ার শওকত আলীর ছেলে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় (মামলা নং-১৬/২৬, জিআর নং-১১৮/২৬, ধারা-৭/৮/৯/১০/১১/১২/১৩) তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির পূর্বের অপরাধ সংক্রান্ত তথ্য (পিসিপিআর) যাচাই করে বিরূপ কিছু পাওয়া যায়নি। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে উপস্থাপন শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।