নাটোরের সিংড়ায় কৃষিজমিতে কাজ করার সময় সেচপাম্পের ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমল সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কমল সরকার ওই গ্রামের মৃত গণেশ সরকারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশী আলাউদ্দিনের জমিতে কৃষিকাজ করার সময় সেচপাম্পে ব্যবহৃত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন কমল সরকার।
পরে প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি তাঁর নিজ বাড়িতে নেওয়া হয়।