ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. রেজাউল করিম ওরফে টেরা মন্টু (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত রেজাউল করিম ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান চেয়ারম্যান পাড়ার মৃত রহমত আলী মোল্লার ছেলে। তিনি পূর্বে নাফকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মার্কেটিং বিভাগে আঞ্চলিক কর্মকর্তা হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে শহরের শহীদ মিনার এলাকার বৈকালী ক্যাফের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ওষুধ বিক্রির আড়ালে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।