ঝিনাইদহের কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কোটচাঁদপুর পৌরসভার গাবতলাপাড়ায় তৈয়ব আলীর বাড়ির সামনের রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কোটচাঁদপুরের গাবতলাপাড়ার আব্দুল খালেকের ছেলে মোঃ শাওন (২৪) এবং হাসপাতালপাড়ার মৃত বাবর আলীর ছেলে সাজু আহমেদ (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক (এসআই) অমৃত মৈত্র সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে গাবতলাপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ওই দুইজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৭০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৭ গ্রাম। পুলিশ এর আনুমানিক অবৈধ বাজারমূল্য ২১ হাজার টাকা বলে জানিয়েছে।
এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৬, তারিখ ১৫ অক্টোবর ২০২৬। মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুইজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।