ঝিনাইদহে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডিাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সার ডিলার নিয়োগে চরম অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও অবৈধ অর্থ লেনদেনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জামায়াতে ইসলামী।
আজ সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব। এছাড়াও জেলা ও স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। টাকার বিনিময়ে দলীয়করণ ও স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের অবৈধ আর্থিক সুবিধার বিনিময়ে সার ডিলারশিপ দেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ তোলেন।
বক্তব্যকালে জামায়াত নেতারা দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া একাধিক সার ডিলারের নাম উল্লেখ করেন এবং অবিলম্বে এই বিতর্কিত ও অবৈধ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে নতুন সার ডিলার নিয়োগের জোর দাবি জানান।