চকরিয়ায় মহা সপ্তমীর পুণ্য তিথিতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে স্থানীয় মন্দির পরিদর্শন করেছেন কক্সবাজারের এসআরবি ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো: মাহমুদুর রহমান, পিএসসি।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় চকরিয়া পৌর শহরস্থ চিরিঙ্গা কেন্দ্রীয় হরিমন্দিরে উপস্থিত হয়ে তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন এসআরবি ১৫ কক্সবাজারের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর এস এম মারুফ, এসআরবি ১৫ কক্সবাজারের স্কোয়াড কমান্ডার ও সিপিএসসি ক্যাম্পের সহকারী পুলিশ সুপার জাহিদ হাসান।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পরিদর্শনকালে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। অধিনায়ক খন্দকার মো: মাহমুদুর রহমান পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা ও ধর্মীয় সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা করেন এবং উৎসবের সার্বিক সাফল্যে এসআরবির সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।