ঝিনাইদহের মহেশপুরে দরিদ্র নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিআরডিবির উদ্যোগে অনুদানের চেক বিতরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প’-এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের পরিচালক আশাফুর রহমান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ বিআরডিবির কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা গ্রামীণ নারীদের সচেতনতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে সুবিধাভোগী নারী ও কিশোরীদের মাঝে ছোটখাটো উদ্যোগ শুরুর জন্য অনুদানের চেক বিতরণ করা হয়।